এযাবৎ আমার কেমিস্ট্রি শেখার যাত্রাটা মসৃণ ছিলোনা কখনোই। ফান্ডামেন্টালকে প্রশ্ন করার সুযোগ খুব কমই পেয়েছি। বিক্রিয়াগুলোকে, তত্ত্বগুলোকে, ‘এক্সেপশান’গুলোকে, taken for granted নিতে হয়েছে। একটা কক্ষপথে ইলেকট্রনের সর্বোচ্চ ধারণক্ষমতা 2n² ই কেন হবে? 3n³ কেন নয়? n! কেন নয়? কোনো বিক্রিয়ায় উৎপাদ হিসাবে এই যৌগগুলোই কেন পাচ্ছি? বুকে পাথর চাপা দিয়ে হলেও মেমোরাইজ করেছি।
স্যার আউফবাউ নীতি পড়াচ্ছিলেন। চোখে পড়ে, অরবিটাল সংখ্যাগুলো সবসময় বিজোড় সংখ্যাই হচ্ছে। আরও দেখতে পাই, অরবিটাল সংখ্যার ধারাটা আসলে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার ধারা।
এপর্যন্ত ভেবেই ‘চিন্তা’কে মূলতবি করছিলাম প্রায়। তখনই ক্লাস এইটে শেখা একটা থিওরেম মনে পড়ে যায়, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি n² । ইউরেকা!
হয়তো এই বিষয়টা একেবারেই নগন্য। তবে নিজের মনকে এতদিন ধরে অস্থির করতে থাকা ‘কেন’ এর উত্তর খুঁজে পাওয়া নগন্য নয়। মোটেও নয়।
এবার জানার পালা, প্রতি উপশক্তিস্তরে অরবিটাল সংখ্যা (2l - 1) ই হয় কেন!